শামীম হাসান:
ইউনিয়ন বিএনপির সভাপতি ও পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ওই পরিষদের সচিবের কাছে অসহায় এবং টিসিবি, ভিজিএফসহ সকল কর্মকাণ্ড তার অগোচরে সচিব করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সচিবের অপসারণ ও বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের। বিক্ষোভ মিছিল ও সমাবেশ রোববার (২৩ মার্চ) দুপুরে ওই পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম মজুমদার ও মো. মিজানুর রহমান পাঠান, কালাম গাজী লিটন। তারা বলেন, গোলাম মোস্তফা শামিম আমাদের পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর পূর্বেও তিনি যেখানে দায়িত্ব পালন করেছেন, সেখানেই দূর্নীতির রাজত্ব কায়েম করেছেন। তিনি উপজেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতির প্রভাব খাটিয়ে কখনো টিসিবি, আবার কখনো ভিজিএফের চাল, নলকূপসহ নানান প্রকল্প ও প্রত্যয়নপত্র, ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়ম করে চলছেন। তাকে পতিত আওয়ামী লীগের দোসর দাবি করে তারা বলেন, এই সচিবের অপকর্ম তার পূর্বের কর্মস্থলে গেলে প্রমাণ পাওয়া যাবে। তাই দূর্নীতিবাজ সচিবের অবিলম্বে অপসারণ ও তার সকল অপকর্মের বিচার দাবি করছি।
এব্যাপারে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল শামিম বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। লোকজন না জেনে এসব মন্তব্য করছেন।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, সচিবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সংবাদ জেনেছি। অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


