চর লক্ষ্মীপুরে কিশোর গ্যাং এর সন্ত্রাসী হামলায় মধ্যবয়সী মহিলা সহ আহত ৫

স্টাফ রিপোর্টার:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর লক্ষ্মীপুরে কিশোর গ্যাং এর সন্ত্রাসী হামলায় মধ্যবয়সী মহিলা সহ ৫জন আহত হয়েছে।
বুধবার রাতে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। কিশোর গ্যাং এর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মোঃ মাহিদুল ইসলাম ও মামুন প্রধানকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার প্রেরণ করে।
এই ঘটনায় আহত আকলিমা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করে।
মামলা সূত্রে জানা যায়, কিশোর গ্যাং রফিক, শিহাব প্রধান, বিল্লাল প্রধান, সফিক, মাসুম, শাওন প্রধান, শিপু, মোঃ মুন্না ও মোঃ শুভ ১০-১৫ জন কিশোর গ্যাং এর সদস্য মিলে প্রতিনিয়ত মাদক সেবন করে চর লক্ষ্মীপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে বাজে আড্ডা বসায়। এসব আড্ডা বসিয়ে তারা বাজে গালিগালাজ ও উচ্চ শব্দে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলে। স্কুলের পাশ দিয়ে যাতায়াত রত ছাত্র-ছাত্রী ও সাধারন মানুষকে ভয়-ভীতি প্রদর্শন। এছাড়াও স্কুলের শিক্ষার্থী ও মহিলাদের সাথে বাজেভাবে ইভটিজিং করে।
অভিযোগ থেকে আরো জানা যায়, এসব কিশোর গ্যাং এর সদস্যরা গ্রামের সাধারণ মানুষের ঘরবাড়ি দোকানের মালামাল চুরি ছিনতাই করছে নিয়মিত। এতে গ্রামের মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে পড়ছে।
অভিযোগে বলা হয়, ঘটনা দিন কিশোর গ্যাং এর সদস্য রফিক সহ কয়েকজন মিলে স্কুলের শিক্ষার্থীদের বল ব্যাট ও খেলাধুলার সামগ্রী চুরি করে পালিয়ে যায়। চুরির ঘটনাটি সাধারণ শিক্ষার্থীরা দেখতে পেয়ে কিশোর গ্যাং রফিক সহ অন্যান্যদের বিরুদ্ধে স্থানীয় মুরুব্বিদের কাছে নালিশ করে। এরপর স্থানীয় মুরুব্বিরা কিশোর গ্যাং ও তাদের অভিভাবকদের ডেকে স্থানীয়ভাবে সালিশি করে দেয়। এছাড়াও কিশোর গ্যাংদের সতর্ক করে দেয়।
এতে কিশোর গ্যাং এর সদস্যরা ক্ষিপ্ত হয়ে প্রায় ১৫ থেকে ২০ জন একত্রিত হয়ে রাতে মোঃ মাহিদুল ইসলাম
মোঃ মামুন প্রধান স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালায়। হামলায় আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মধ্যবয়সী মহিলা সহ প্রায় ৪-৫ জনের উপর তারা দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। এতে মধ্যবয়সী মহিলা আকলিমা বেগমকে শ্লীলতাহানি ও মারধর করে।
পরে গ্রামবাসী ছুটে আসলে কিশোর গ্যাং এর সদস্য ও তাদের মদদ দাতারা পালিয়ে যায়। ঘটনার পর গ্রামের লোকজন একত্রিত হয়ে টর্চ লাইট ও লাঠি সোটা নিয়ে গ্রামে পাহারা বসায়।
হামলার ঘটনায় আহত আকলিমা বেগম সহ অন্যান্যদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
আহতরা বর্তমানে ঢাকা ও চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা বলছেন, কিছু অসাধু ব্যক্তিদের মদদের কারণে এই কিশোর গ্যাংকে থামানো যাচ্ছে না। যদি প্রশাসনিকভাবে দ্রুতই কিশোর গ্যাং প্রতিরোধে ব্যবস্থা না নেয়া হয় তাহলে গ্রামের মানুষ অনিরাপদ হয়ে পড়বে।
এ বিষয়ে মতলব উত্তর থানার এস আই ইউনুছ বলেন, চর লক্ষ্মীপুরে কিশোর গ্যাং এর সন্ত্রাসী হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সেটিকে নিয়মিত মামলা হিসেবে রুজু করেছি।
তদন্তকালে আমার কাছে মনে হয়েছে সন্ত্রাসী হামলার ঘটনাটি পরিকল্পিত ছিল। এসব সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।