আমান উল্লাহ খান ফারাবী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাটির নেতৃত্ব দেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বলেই দেশের প্রতিটি দুর্যোগ ও দুঃসময়ে দলটি জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপির অংশগ্রহণ ছাড়া আন্দোলন সফল হতো না।’ তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্ব এবং তারেক রহমানের নির্দেশনার প্রশংসা করে বলেন, এই নির্দেশনা ও নেতৃত্বের কারণেই বিএনপি আজ দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। মো. হারুনুর রশিদ আগামী দিনে জনগণকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির নেতা বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও সোহেল খান, বিএনপি নেতা সেলিম পাটোয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহম্মদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, হারুন পাঠান, বিএনপি নেতা আবদুল জলিল, আবদুল হান্নান পাটোয়ারী, ছাত্রদল নেতা মনির হোসেন ও হোসেন আহম্মদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।


