চাঁদপুরে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ করলো ব্র্যাক

ইসহাক ইসলাম জায়ান

ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে চাঁদপুরে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির চাঁদপুর-১ অঞ্চলের উদ্যোগে আজ সোমবার (১৫ জুন, ২০২৬) এই মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এই উদ্যোগে চাঁদপুর রিজিওন-০১ ওয়্যারলেছ এরিয়ার আওতাধীন মুন্সিরহাট শাখা, তালতলা শাখা, ওয়্যারলেছ শাখা এবং আড়ং বাজার শাখার মোট ৩৫ জন প্রান্তিক ও ক্ষুদ্র খামারি সদস্য অংশ নেন। অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ও ভ্যাকসিন দেওয়া হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

স্থানীয় মৎস্য চাষিদের দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও সঠিক ব্যবস্থাপনায় মৎস্য চাষ পদ্ধতি শেখাতে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কীভাবে বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষ করে অধিক লাভবান হওয়া যায়, সে বিষয়ে চাষিদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমান (চাঁদপুর জেলা)। আরও উপস্থিত ছিলেন ওয়্যারলেছ এরিয়ার (চাঁদপুর-১) এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ ওয়াহেদুল ইসলাম (ওয়াহেদ), ব্র্যাক চাঁদপুর রিজিওনাল অফিসের কৃষি ও বিমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জিহাদ ইকবাল, ওয়্যারলেছ শাখার শাখা ব্যবস্থাপক (দাবি) মনি রাণী ঘোষ এবং সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ ফারুক হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত করতে ব্র্যাক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হাঁস-মুরগি পালন এবং সঠিক নিয়মে মাছ চাষ গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দিতে পারে। এই কর্মসূচি গ্রামীণ খামারিদের দক্ষ করার পাশাপাশি তাদের পরিবারের পুষ্টির অভাব দূর করবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় প্রান্তিক চাষিদের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটাবে এবং দেশের আমিষের চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।