স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণপুর বাজার পদ্মা ব্যাংক সংলগ্ন এলাকা থেকে রসুলপুর গ্রামের মাদক কারবারি মোঃ মোজাম্মেল সরকার (৪৮) ও খাদেরগাঁও ইউনিয়নের তেলিমাছুয়াখাল গ্রামের হাবিবুর রহমান মিয়াজী (৩৫) কে ৫ পিস ইয়াবাসহ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।
এদিকে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে থানা পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার ঘিলাতলী গ্রামের তামজিদ মিয়া (২৮) ও তেলিমাছুয়াখাল গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৬) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক করে ১ মাসের জেল ও ২শ টাকা জরিমানা প্রদান করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, আসামি মোজাম্মেল সরকারের বিরুদ্ধে থানায় মাদকসহ ৩টি মামলা রয়েছে। আসামিদের শুক্রবার চাঁদপুর বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


