স্টাফ রিপোর্টার:
নজরুল বর্ষ উপলক্ষে ১০ দিনব্যাপী চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে নাট্যোৎসবের পঞ্চম দিন নৃত্যানুষ্ঠান, শুভেচ্ছা পর্ব ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত শুভেচ্ছা পর্বের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের কৃতী সন্তান ও সুপ্রিম কোর্টের ব্যারিস্টার জহির উদ্দিন বাবর।
তিনি বলেন, আমরা চাঁদপুরে একটি কালচারাল কমপ্লেক্স চাই। তাহলে চাঁদপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও অনেক দূর এগিয়ে নেওয়া যাবে। আমি এখানে এসে শিশুদের নৃত্য দেখেছি। তাতেই বুঝতে পেরেছি তারা কতটা প্রতিভাবান।
ব্যারিস্টার জহির উদ্দিন বাবর বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক ইতোমধ্যে সাংস্কৃতিক মন্ত্রীকে চাঁদপুরে এনেছেন। তাঁর হাত ধরেই চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে আরও সাফল্য আসবে। আমি চাঁদপুরের ছেলে, চাঁদপুরেই বেড়ে উঠেছি। কিন্তু আমাদের সময়ে এতটা সাংস্কৃতিক চর্চার সুযোগ ছিল না। আমি আশা করব, শেখ ফরিদ আহমেদ মানিক এমপির মাধ্যমে চাঁদপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও অনেক দূর এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ত্রিনদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট ইখতিয়ার উদ্দিন শিশু। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটারিয়ান মোস্তফা ফুল মিয়া।
চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি সিয়াম খানের সভাপতিত্বে এবং থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় শুভেচ্ছা পর্ব অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল সাড়ে ৪টায় নৃত্যধারার পরিবেশনায় এবং সোমা দত্তের পরিচালনায় শিশু-কিশোরদের মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নৃত্যধারার শিল্পী শৈলী দাস। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় বর্ণমালা থিয়েটারের পরিবেশনায় শেক্সপিয়রের ‘হ্যামলেট’ অবলম্বনে ‘গ্রন্থিক’ নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন মইনুদ্দিন লিটন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাহবুব আলম, সুমী ত্রিপুরা, পিন্টু সাহা, দেবশ্রী সাহা, সাদ্দাম হোসেন, সঞ্জয় বণিক, অসীম কুমার শীল, দেবাশীষ রাজু, খোরশেদ আলম, নাছিরসহ আরও অনেকে।


