যুবদলের তীব্র প্রতিবাদ মিছিল ও সমাবেশ

স্টাফ রির্পোটার:

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে মতলব উত্তর উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এদিন বিকেলে ছেংগারচর বাজার এলাকার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ছেংগারচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি ছেংগারচর জেনারেল হাসপাতালের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকারের চমৎকার সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ও অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন— চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার সোহেল, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান সাগর এবং বিশিষ্ট যুবদল নেতা বদিউজ্জামাল সজিবসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হলে প্রতিটি রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। রাজনীতিতে কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো কিংবা শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।”

বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এখনো বিভিন্ন গোপন মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী অপপ্রচার চালিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো মূল্যে এই অপতৎপরতা রুখে দেওয়া হবে এবং এর বিরুদ্ধে দলীয় সকল নেতাকর্মীকে সর্বদা মাঠে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশের সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ আগামী দিনে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান, শক্তিশালী ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।