মতলবে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, প্রবাসী বাবার অপেক্ষায় দাফন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাইজকান্দি গ্রামে পুকুরে ডুবে আরিয়ান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আরিয়ান মালয়েশিয়া প্রবাসী মনিরুল হাসান ও শিলা আক্তার দম্পতির ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল আরিয়ান। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে মা শিলা আক্তার পুকুরে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেন।

স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আরিয়ানকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আরিয়ানের বাবা মনিরুল হাসান মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে রওনা হয়েছেন। শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য তার ফেরার অপেক্ষায় রয়েছে পরিবার। তিনি বাড়ি পৌঁছানোর পরই আরিয়ানের দাফন সম্পন্ন করা হবে।

শোকে মুহ্যমান মা শিলা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “একটু আগে ওকে খেলতে রেখে ঘরের কাজে ব্যস্ত ছিলাম। পরে খুঁজতে গিয়ে পুকুরে আমার বাবাটাকে ভাসতে দেখি। আমার ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না।”

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইজকান্দি গ্রামে পুকুরে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।