স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রথমবারের মতো মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে দুই দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্কাউটরা ফুলের মতো। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সমাজ ও দেশের মানুষের মাঝে ফুলের মতো ছড়িয়ে দিতে হবে। স্কাউটরা নিজেদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে দেশের সেবা করে। জাতীয় দুর্যোগের সময় তারা নিজের পরিবারের কথা চিন্তা না করে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
তিনি আরও বলেন, স্কুলজীবন থেকেই স্কাউটিংয়ের মাধ্যমে একজন শিক্ষার্থীকে চরিত্রবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এ প্রশিক্ষণ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে অংশগ্রহণকারী স্কাউটরা দুর্যোগের সময় করণীয় সম্পর্কে বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে। এ সময় প্রশিক্ষণে অংশ নেওয়া যেসব স্কাউটের কেডস নেই, তাদের কেডস দেওয়ার ঘোষণা দেন তিনি।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট দলের সম্পাদক জাহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সহ-সভাপতি মশিউর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সামসুল আমিন এল.টি, কোর্সের ক্যাম্প লিডার হিতেশ চন্দ্র শর্মা, তরুণ সমাজসেবক আব্দুল মতিন ও এসআই আমজাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক (রোভার) শামীম হাসান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম পাটওয়ারী, স্কাউট প্রশিক্ষক মোফাজ্জল হোসেন ও রাজিয়া সুলতানাসহ সংগঠনের অন্যান্য সদস্য।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে ফরিদগঞ্জ উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫২ জন স্কাউট প্রশিক্ষণার্থী অংশ নেন। হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তবমুখী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।


