চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ইসহাক ইসলাম জায়ান

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনিয়মের দায়ে দাঁতের মাজন তৈরি ও বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, ওয়্যারলেস বাজার ও তরপুরচণ্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম-ঠিকানা যথাযথভাবে উল্লেখ না করা, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আবাসিক ঘরে মেশিন স্থাপন করে প্লাস্টিকের বোতলে দাঁতের মাজন তৈরি ও বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে রিফাত নিমের মাজনকে ১০ হাজার টাকা এবং রিয়াদ দাঁতের মাজন কেভকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে।

এ সময় প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ১০০ টাকায় বিরিয়ানি ও খিচুড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।