শামীম হাসান:
এক পক্ষের ওয়াক আউটে পন্ড হয়েছে গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ সিজনের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ২০২৫) উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নস্থ গৃদকালিন্দিয়া ডিগ্রী কলেজ মাঠে এ ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।
গত সোমবার (১৩ ডিসেম্বর ২০২৪) আনুষ্ঠানিকভাবে মাঠে গড়ায় গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ সিজনের উদ্বোধনী ম্যাচ। আয়োজকদের দক্ষ ব্যবস্থাপনায় কোন বিশৃঙ্খলা ছাড়াই টুর্নামেন্টটি চূড়ান্ত ধাপে পৌঁছায়। সাহেবগঞ্জ শাপলা স্পোর্টিং ক্লাব এবং কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলায় মুখোমুখি হয়। টসে জিতে কাতার স্পোর্টিং ক্লাব ফিল্ডিং বেছে নেয়। ব্যাটংয়ে নেমে শাপলা স্পোর্টিং ক্লাব ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। ১৬৭ রানের জবাবে ব্যাটংয়ে নেমে কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব ১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২ রান। দ্বিতীয় ওভারের খেলা শুরু হলে হঠাৎ করেই নিজেদের খেলোয়াড়দের মাঠ থেকে ডেকে নেয় শাপলা স্পোর্টিং ক্লাব। এ সময় তারা আয়োজকদের বিরুদ্ধে তাদের সমর্থকদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেন। আয়োজকবৃন্দ নানানভাবে চেষ্টা করেও তাদের মাঠে ফেরাতে ব্যর্থ হন। অবশেষে কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন ঘোষনা করে আয়োজক কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায় ও বিসিবি’র পরিচালক খালেদ মাহমুদ সুজনসহ অতিথিবৃন্দ। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, “আপনারা আরো বেশী টুর্নামেন্ট আয়োজন করবেন যাতে ছেলেদের আমরা মাঠে ধরে রাখতে পারি। আশা করি এখান থেকে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মত প্রতিভা উঠে আসবে। বাংলাদেশে টেপ টেনিস প্রথম খেলাই আমি সিদ্ধেসরী বালুর মাঠে। পরে এটা ঢাকায় ব্যাপক জনপ্রিয় হয়। আমাদের সমসাময়িক সবাই এটা খেলেছে। আমি আশা এখানেও এটা পপুলার হবে। আরো বড় হবে।”
টুর্নামেন্ট আয়োজক কমিটির পরিচালক বিল্লাল হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিড়ানুরাগী আহসান হাবিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল খাঁন, কাতার প্রবাসী ও স্থানীয় বিএনপি নেতা মানিক পাটওয়ারী প্রমুখ।
তবে খেলায় প্রতিযোগিতাপূর্ণ রান সংগ্রহ করতে না পারায় শোচনীয় পরাজয়ের আশঙ্কায় উদ্দেশ্য প্রণোদিতভাবে শাপলা স্পোর্টিং ক্লাব অসৌজন্যমূলকভাবে মাঠ ত্যাগ করেছেন বলে মন্তব্য করেন সাধারণ দর্শকরা।


