৫শ বছরের পুরানো মসজিদ রক্ষার দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের কচুয়ায় ৫শ বছরের পুরানো পালগিরি মসজিদ রক্ষার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দেয়া হয়েছে। আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের পক্ষে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.এরশাদ উদ্দিন এ  স্মারকলিপি গ্রহণ করেন।  চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির আহ্বায়ক আলম পলাশ ও সদস্য সচিব কাদের পলাশের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গৌহাট ইউনিয়নে ঐতিহাসিক ‘পালগিরি মসজিদ’টি অবস্থিত। এটি ৫০০ বছরের পুরানো জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা। মসজিদটি জেলার স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের একটি মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচিত। যা জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকাশনায় স্থান পেয়েছে।

বর্তমানে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কাঠামো বিনষ্ট করা হচ্ছে। এ মসজিদের ঐতিহ্য ও সৌন্দর্যহানি করে মসজিদের সামনেই স্থানীয় কিছু ব্যক্তির উদ্যোগে অন্য একটি ভবন করার উদ্যোগ নেয়া হয়। এতে জেলা গুরুত্বপূর্ণ এ প্রত্নসম্পদের সৌন্দর্য নষ্ট হচ্ছে।  মসজিদটি প্রাচীন স্থাপত্যশৈলী ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যা দেশের ইতিহাস ঐহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি।

এ জন্য সরকারের কাছে পালগিরি মসজিদটিকে একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।

তবে এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল জানান, আমরা খবর পেয়ে সেখানে কাজ বন্ধ রেখেছি।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আল ইমরান শোভন, যমুনা টিভির চাঁদপুর প্রতিনিধি ইব্রাহীম রনি সহ অন্যান্যরা।