স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ১০ মে ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত কমিটিতে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানকে (পদাধিকার বলে) সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়াবিদ জয়নাল আবেদীন জনুকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— পুলিশ সুপার মো. রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন এবং স্থানীয় ক্রীড়াবিদ আনোয়ার হোসেন মানিক।


