কচুয়ায় আগুনে পুড়েছে ২০ দোকান

মো. মাসুদ রানা,কচুয়া, চাঁদপুর :

 

চাঁদপুরের কচুয়া উপজেলার আলীয়ারা রাজবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩জন ব্যবসায়ীর ছোট-বড় ২০টি দোকান ও গোডাউন পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ওই বাজারের আব্দুল মান্নানের মুদি দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা দাবি করছেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো, আব্দুল মান্নান মুদি দোকান,অনিল দাসের লন্ড্রী,ডা. নিবাস দেবনাথের ফার্মেসী,গিয়াস উদ্দিন চালের আড়ৎ,চন্দ্রন বেজের মুদি দোকান,কামাল প্রধানের গ্যাস সিলিন্ডার দোকান,ধীরু শীলের সেলুন,পরিমল ভৌমিকের ফার্মেসী, লিটন মুদি দোকান,কামালের চায়ের দোকান,সাহেব আলী,রজ্জব আলী ও ডা. বিশ^নাথ বসুর গোডাউন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও ইউপি সদস্য আবুল কালাম অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, বুধবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। কিন্তু বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়ি পড়ে। মুহুর্তের মধ্যে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সককিছু হারিয়ে আমরা এখন নি:স্ব হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে রাতে এসেছি। ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিয়েছি এবং তাদের সহায়তার আশ্বাস দিয়েছি। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনকে প্রদান করা হবে।