গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

স্টাফ রিপোর্টার :

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসন, চাঁদপুর সদর-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা।

তিনি বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ ও সমস্যার দ্রুত, সহজ এবং সাশ্রয়ী সমাধানের একটি কার্যকর মাধ্যম। পারিবারিক, সামাজিক ও স্থানীয় বিভিন্ন বিরোধ যদি ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে গ্রাম আদালতে নিষ্পত্তি করা যায়, তাহলে সমাজে দ্বন্দ্ব-সংঘাত অনেকাংশে কমে আসবে।

তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে প্রচলিত সালিশি ব্যবস্থার সিদ্ধান্ত নিয়ে পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ক্ষোভ ও বিরূপ মনোভাব থেকে যায়, যা প্রজন্ম থেকে প্রজন্মে বিরোধের ধারাবাহিকতা সৃষ্টি করে। কিন্তু গ্রাম আদালতের মাধ্যমে আইনসম্মত ও নিরপেক্ষ সমাধান নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস তৈরি করতে হবে। জনগণের ছোট ছোট সমস্যাগুলোকে ইউনিয়ন পরিষদ পর্যায়ে এনে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি সেবা প্রত্যাশীদের ফিরিয়ে দেন, তাহলে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবে এবং সরকারের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে। জনগণের প্রয়োজন মেটাতেই সরকারি প্রতিষ্ঠানগুলোর সৃষ্টি হয়েছে। তাই জনগণকে যথাযথ সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

ইউএনও বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান। জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদ থেকে প্রদান করা হয়, যা দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গ্রহণযোগ্যতা পায়। মাঠপর্যায়ের বাস্তব তথ্য ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই এসব সেবা প্রদান করা হয়। তাই ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়ন এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, এসআই মো. নূরুল আলমসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।