৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রির্পোটার:

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)-এর দিকনির্দেশনায় এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম ২৫ জুন বৃহস্পতিবার রাতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চাঁদপুর সদর থানার চেয়ারম্যানঘাট জিটি রোড এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ মাহবুবুর রহমান (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি কচুয়া উপজেলার উত্তর গাহট ইউনিয়নের তালতলী এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি চেয়ারম্যানঘাট জিটি রোড এলাকায় জনৈক শাজাহানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।