রাস্তার পাশে মিলল রবীন্দ্র সরকারের মরদেহ

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিবপুর গ্রামে রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার শিবপুর গ্রামের নিজ বাড়ির সামনের বেড়িবাঁধের দক্ষিণ পাশে রাস্তার নিচে রবীন্দ্র সরকার (৪৫) নামে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত রবীন্দ্র সরকার শিবপুর গ্রামের হরিপদ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাতে কোনো এক সময় রবীন্দ্র সরকার বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। ধারণা করা হচ্ছে, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার নিচে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে রতন বাবু নামে এক ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙা গাড়ির কাঁচের কিছু অংশ উদ্ধার করেছে, যা দুর্ঘটনার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় সংঘটিত একটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ভাঙা কাঁচের টুকরো জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।