স্টাফ রির্পোটার:
সারা দেশের ন্যায় চাঁদপুরের হাইমচর উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের আলিম পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলার আলগী দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, “হাইমচরে এইচএসসি ও সমমানের আলিম পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি, আগামীর সব পরীক্ষাও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে এবং পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে।”
কেন্দ্র সূত্রে জানা যায়, এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ৩১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৫ জন উপস্থিত ছিল এবং ৯ জন অনুপস্থিত ছিল। এ কেন্দ্রের সচিবের দায়িত্ব পালন করেন আলগী দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন।
অপরদিকে, আলিম আরবি প্রথম পত্র পরীক্ষায় মোট ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন উপস্থিত এবং ৯ জন অনুপস্থিত ছিল। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জিল্লুর রহমান ফারুকী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস ছালাম।
এছাড়া হল সুপারের দায়িত্ব পালন করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ফারুকুল ইসলাম।
পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।


