চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের পাল বাজার ও কুমিল্লা রোড এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়।

বুধবার ৯ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ও ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে মানিক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করা, বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের খালি প্যাকেট সংরক্ষণ এবং নিম্নমানের পণ্য বিক্রয়ের অপরাধে এইচ. এম.সি.এল (এমএলএম কোম্পানি) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে।

অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের খালি প্যাকেট ধ্বংস করা হয়। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

এ সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।