কোচিং বাণিজ্য ও শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার বন্ধে ডিসির কঠোর নির্দেশ

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলায় ২০২৬ সালের আলিম পরীক্ষায় তিনটি মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—হাজীগঞ্জের নেছারাবাদ ছালেহিয়া ফাজিল মাদ্রাসা, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা এবং বালিকা ফাজিল মাদ্রাসা। মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলিম পরীক্ষার ফলাফল মূল্যায়ন সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।
সভায় ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলের বিস্তারিত উপাত্ত পর্যালোচনা করা হয়। শতভাগ পাস করা মাদ্রাসাগুলোকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। একই সঙ্গে আগামী শিক্ষাবর্ষে আরও ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। অন্যান্য মাদ্রাসার ফলাফলের দুর্বলতার কারণও সভায় বিশ্লেষণ করা হয়।

সভায় মাদ্রাসাগুলোর শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের কোচিং বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততা বন্ধে কঠোর নির্দেশনা দেন জেলা প্রশাসক। পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান কার্যকর করা, আইসিটি শিক্ষার মান বাড়ানো এবং ইংরেজি ও গণিত বিষয়ে অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম নিয়মিত মনিটরিং এবং শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসন ও মাদ্রাসা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে চাঁদপুরের মাদ্রাসাগুলো পরীক্ষার ফলাফলের পাশাপাশি শিক্ষার গুণগত মানেও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।