হাসান আল মামুন:
দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জেরদারকরণ প্রকল্পের আওতায় চাঁদপুরের হাইমচর উপজেলায় দুই দিনব্যাপী ‘পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন’ শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৬-১৭ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাইমচর উপজেলা কৃষি অফিসার মো. শাকিল খন্দকার।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষি অফিসার মো. শাকিল খন্দকার বলেন, বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের বাস। দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে আমাদের হাইমচর উপজেলায় যেসব আবাদি জমি রয়েছে, এ জমির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। এ কথার অনেক গভীরতা আছে। আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির বিষয়ে সচেতন হতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সুচারুভাবে দায়িত্ব পালন করতে হবে।
দুই দিনব্যাপী পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন’ শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি অফিসার সুবোধ চন্দ্র হাওলাদার।


