হাসান আল মামুন:
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৫৭টি পরিবার জমি দখলের শিকার হওয়ার অভিযোগ করে প্রশাসনের কাছে সহায়তা চেয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এই জমিতে বসবাস করে আসছেন এবং জমিটি তাদের নামে রেজিস্ট্রিও করা আছে। কিন্তু কিছু স্থানীয় লোক তাদের জমি দখলের চেষ্টা করছে এবং তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা এই বিষয়ে আইনি লড়াই করে যাচ্ছেন এবং ইতিমধ্যে আদালতে মামলাও করেছেন। এবং মামলার রায়টিও তাদের পক্ষে এসেছে। তবে, প্রতিপক্ষের হুমকির কারণে তারা নিজেদের অসুরক্ষিত বোধ করছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ করে তাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এই ঘটনায় স্থানীয় ৫৭ জনের পক্ষে নীলকমল ইউনিয়নের ইব্রাহিম মধ্যচর কান্দি এলাকার মোঃ চুন্নু মিয়া সরদার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন।
ভুক্তভোগীরা জানান, আমাদের ৫৭ জনের ভোগদখলকৃত ভূমি অন্যের কাছে বর্গা লাগিয়ে টাকা নিয়ে যায়। এবং আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে ৪নং নীলকমল ইউনিয়নের নান্নু সিকদার, বাচ্চু মোতাইত, হানিফা সিকদার, নান্টু সরকার, জলিল মিজি।
প্রশাসনের কাছে ভুক্তভোগীদের অনুরোধ বিষয়টি সু-বিবেচনা পূর্বক তাদের ভোগদখলকৃত ও বন্দোবস্তকৃত ভূমি পরিমাপ করে বুঝাইয়ে দেওয়া হোক।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা জানান, নীলকমল ইউনিয়নের জমি সংক্রান্ত বিষয়ে আমি দু পক্ষেরই অভিযোগ পেয়েছি। তবে আমাদের রেকর্ড বলছে এই জমিগুলো খাস। তার পরেও আমি দুপক্ষ কে বলে দিয়েছি কাগজপত্র নিয়ে আশার জন্য। এবং একটি শুনানির তারিখ নির্ধারণ করে বিষয়টি সমাধান করা হবে।


