স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কচুয়ায় ৫শ বছরের পুরানো পালগিরি মসজিদ রক্ষার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দেয়া হয়েছে। আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের পক্ষে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.এরশাদ উদ্দিন এ স্মারকলিপি গ্রহণ করেন। চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির আহ্বায়ক আলম পলাশ ও সদস্য সচিব কাদের পলাশের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গৌহাট ইউনিয়নে ঐতিহাসিক ‘পালগিরি মসজিদ’টি অবস্থিত। এটি ৫০০ বছরের পুরানো জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা। মসজিদটি জেলার স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের একটি মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচিত। যা জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকাশনায় স্থান পেয়েছে।
বর্তমানে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কাঠামো বিনষ্ট করা হচ্ছে। এ মসজিদের ঐতিহ্য ও সৌন্দর্যহানি করে মসজিদের সামনেই স্থানীয় কিছু ব্যক্তির উদ্যোগে অন্য একটি ভবন করার উদ্যোগ নেয়া হয়। এতে জেলা গুরুত্বপূর্ণ এ প্রত্নসম্পদের সৌন্দর্য নষ্ট হচ্ছে। মসজিদটি প্রাচীন স্থাপত্যশৈলী ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যা দেশের ইতিহাস ঐহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি।
এ জন্য সরকারের কাছে পালগিরি মসজিদটিকে একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।
তবে এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল জানান, আমরা খবর পেয়ে সেখানে কাজ বন্ধ রেখেছি।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আল ইমরান শোভন, যমুনা টিভির চাঁদপুর প্রতিনিধি ইব্রাহীম রনি সহ অন্যান্যরা।


