স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে নকল, অনুমোদনহীন ও মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে হাসান এন্টারপ্রাইজকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) চাঁদপুর বাসস্ট্যান্ড ও স্বর্ণখোলা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন শিশু খাদ্য, নকল পণ্য এবং নিম্নমানের অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির অপরাধে হাসান এন্টারপ্রাইজকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
এ সময় অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


