চাঁদপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের ২ মাসের কারাদণ্ড

স্টাফ রির্পোটার:

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট ) চাঁদপুর সদর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের তথ্য অনুযায়ী, প্রথম অভিযানে সদর মডেল থানাধীন শাহ্তলী আদর্শ একাডেমির সামনে পাকা রাস্তা থেকে মো. ফখরুল ইসলাম খাঁন (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহ্তলী (খাঁন বাড়ী) এলাকার বাসিন্দা।

অভিযানে তার কাছ থেকে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলিপ্যাকে থাকা ৪টি কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একই দিনে সদর মডেল থানাধীন স্বর্ণখোলা রোডের যাকারিয়া আল-ইসলামিয়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে আইনুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও খান বাড়ি এলাকার বাসিন্দা।

অভিযানে তার কাছ থেকে ২টি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান ও মামলার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা প্রসিকিউশন পরিচালনা করেন।