স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বিএনপি ধীরে ধীরে রাজনৈতিকভাবে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি ব্যর্থতার দিকে এগিয়ে গেলে তা শুধু দলটির জন্য নয়, বাংলাদেশের জন্যও ক্ষতিকর হবে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে এনসিপির জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমরা যখন বিএনপির সমালোচনা করি, তখন বিএনপির বন্ধুরা মনে করেন, আমরা তাদের বিরোধিতা করছি। কিন্তু বিএনপি যদি ব্যর্থতার দিকে এগিয়ে যায়, সেটি যেমন তাদের জন্য ক্ষতিকর, তেমনি বাংলাদেশের জন্যও ক্ষতিকর।
তিনি বলেন, সংসদে কিংবা সংসদের বাইরে শুধু লোক দেখানো বক্তব্য বা কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে সরকারকে কাজ করে দেখাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, একজন শিক্ষককে এভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। দেশে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটছে। এসব ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এনসিপি কোনো ‘পোষ্য বিরোধী দল’-এর ভূমিকা পালন করতে চায় না। সংসদ ও সংসদের বাইরে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরে গঠনমূলক রাজনীতি করতে চায় এনসিপি। বিএনপি সরকারের বিগত ১৮০ দিনের কার্যক্রম নিয়ে এনসিপি যে সমালোচনা করেছে, তা থেকে বিএনপির শিক্ষা নিয়ে নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের চেষ্টা করা উচিত।
ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সারজিস বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে শুধু বক্তব্য নয়, কার্যকর উদ্যোগ দেখতে চায় মানুষ। নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা না গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা কঠিন হবে।
চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় সাংগঠনিক সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


