মতলব দক্ষিণে ৫৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রির্পেোটার:

মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত পঞ্চম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত ৫৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কেএফটি কলেজিয়েট স্কুলের আয়োজনে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।

কলেজের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামালের সভাপতিত্বে এবং শিক্ষার্থী আতিফ ইরহাম ও রোজা আহমেদের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস।

এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মতলবগঞ্জ জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাবেদ হোসেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, অভিভাবক প্রতিনিধি আবদুল হান্নান অপু প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩৮ জন ও সাধারণ গ্রেডে ১৯ জনসহ মোট ৫৭ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে কেএফটি কলেজিয়েট স্কুলে পড়ছে। এসব কৃতি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এর আগে অতিথিগণ কলেজ ভবনের চতুর্থ তলায় স্বর্ণপ্রদকপ্রাপ্ত শিক্ষাবিদ মরহুম ওয়ালিউল্লাহ পাটোয়ারীর নামকরণে লাইব্রেরির ফলক উম্মোচন করেন।