খেলাধুলার মাধ্যমে সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব ॥ মোস্তফা মিয়াজী

স্টাফ রিপোর্টার:

খেলাধুলার মাধ্যমে সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের বিএনপি নেতা মোস্তফা মিয়াজী। শনিবার (২২ আগস্ট) মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার সংলগ্ন মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মৃতি স্মরণে গোল্ডকাপ উত্তর ইসলামাবাদ চায়না বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর একটি ম্যাচের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবে। তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে।

সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোস্তফা কাজী, ইউপি সদস্য আলমগীর পাটোয়ারী, চাঁন মিয়া, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি আলম ভান্ডারী, আলাউদ্দিন মোল্লা, ওফেল পাটোয়ারী।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ম্যাচে হাজারো দর্শকের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।