চাঁদপুরে স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি!

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

আষাঢ় মাস বৃষ্টির মাস। অথচ মাসের শুরুতে দেখা যায়নি বৃষ্টি। দেখা দিয়েছিল তাপদাহ। অবশেষে চাঁদপুরে নেমেছে আষাঢ়ের বৃষ্টি। বৃষ্টি নামায় জেলাবাসী একদিকে যেমন স্বস্তি অনুভব করছে। অন্যদিকে অস্বস্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ । সোমবার এবং মঙ্গলবার জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবার জেলায় বৃষ্টিপাত হয়েছে ১২  মিলিমিটার।

বৃষ্টি মাথায় নিয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। প্রথম দিন বৃষ্টিতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পড়তে হয়েছে কিছুটা বিরম্বনায়। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের কিছুটা পরে পরীক্ষার্থীকে দেখা গেছে কেন্দ্রে প্রবেশ করতে।
বৃষ্টিতে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে দিনমজুর পেশার মানুষ। বৃষ্টিতে কাজ করতে অসুবিধায় পড়তে হয়েছে তাদের। আয় বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বৃষ্টি মাথায় নিয়েও বের হয়েছেন কাজের সন্ধানে।

বৃষ্টির কারণে সড়কে মানুষের উপস্থিতি খুবই কম। রাস্তায় রিকশা নিয়ে বের হওয়া রিকশা শ্রমিকরা অধিকাংশই খালি রিকশা নিয়ে এদিক-ওদিক যাত্রী খুঁজে বেড়াচ্ছেন।

কবির হোসেন নামে এক রিকশা চালক বলেন, এমনিতেই রাস্তায় মানুষ নাই। আবার দুই দিনের বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। রিকশা চালাইয়া যা ইনকাম হচ্ছে, তা দিয়ে গ্যারেজের জমা দেওয়ার পর তিন বেলা খাবারের খরচও ওঠে না।

ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা থেকে শুরু করে রাস্তায় বিভিন্ন পণ্য বিক্রি করা হকাররাও পড়েছেন সংকটে। ক্রেতা না পেয়ে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা কাউসার জানান, সরকারি চাকুরে এবং অন্যান্য ব্যস্ত মানুষেরা প্রতিদিন বাড়িতে ফেরার পথে বাজার করেন । সেই হিসাব করেই আজ একটু বেশি সবজি তুলেছেন তিনি। কিন্তু সে তুলনায় বিক্রি একেবারেই কম।

চাঁদপুরের আবহাওয়া কর্মকর্তা শাহ মোহাম্মদ শোয়েব জানান, নিম্নচাপের কারণে জেলায় বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জেলায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরো কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।