চাঁদপুরে ৩ দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা ২০২৬ শুরু

স্টাফ রির্পেোটার:

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকালে চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের অফিস চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এই মেলা চলবে ২০ জুন পর্যন্ত।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু তাহের।

এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল হাসান আলামিন, অতিরিক্ত উপপরিচালক (পিপি) সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. সাফকাত রিয়াদ এবং কৃষি কর্মকর্তা রাজিব বুশু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “দেশীয় ফলের পুষ্টিগুণ নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে কীভাবে আরও সহযোগিতা করা যায়, তা নিয়ে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ একযোগে কাজ করছে।” মেলা চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছোট ছোট স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যারা অত্যন্ত আনন্দের সাথে দেশীয় ফলের পরিচিতি ও প্রদর্শনী উপভোগ করে।

মেলায় বিভিন্ন স্টলে নানা জাতের ফল ও ফলদ চারা প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে মেলা চলবে সন্ধ্যা পর্যন্ত।