স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিণে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) এসআই (নিরস্ত্র) সুজিত চন্দ্র দে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নারায়ণপুর গরু বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় খিদিরপুর মোল্লা বাড়ির বাসিন্দা মোঃ আরিফ (২২) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে, একই দিন মতলব দক্ষিণ থানা পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে বাইশপুর এলাকার আয়নাল আব্দুর রহমান (১৯) নামে এক যুবককে এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনর্চাজ হাফিজুর রহমান মানিক বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


