ধনাগোদা নদীতে কারেন্ট শটে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর শাখা ধনাগোদা নদীতে নিষিদ্ধ বৈদ্যুতিক শট দিয়ে মাছ ধরতে গিয়ে মো. মিনহাজ (২১) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২১ জুন) ভোর সাড়ে ৫টায় উপজেলার ফরাজীকান্দী জনতা বাজার সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ উপজেলার আমিরাবাদ বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে মিনহাজ তার সঙ্গী শিবলু, আমির ও ইব্রাহিমসহ আরও কয়েকজনকে নিয়ে নৌকায় করে মাছ ধরতে যান। তারা প্রতিদিনের মতো ব্যাটারি চালিত ইলেকট্রনিক শক ডিভাইস ব্যবহার করে নদীতে মাছ শিকার করছিলেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, মাছ ধরার একপর্যায়ে ইলেকট্রিক শটে কাবু হওয়া একটি বড় মাছ ঝুড়ি থেকে পানিতে পড়ে যায়। ওই মাছটি ধরতে মিনহাজ তাৎক্ষণিক নদীতে লাফ দিলে তিনি নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যান।

মিনহাজ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর নৌকায় থাকা অন্য সঙ্গীরা তাকে পানি থেকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন। এরপর মিনহাজের স্বজনদের খবর দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে মিনহাজের মামা বিল্লাল হোসেন সকাল ৬টা ১০ মিনিটের দিকে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মিনহাজকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু ডায়েরি (ইউডি মামলা) করা হয়েছে। হাসপাতাল থেকে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নদীতে এমন বিপজ্জনক উপায়ে মাছ ধরার বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।