বাড়ি ফেরার পথে কিশোর নিখোঁজ, থানায় জিডি

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের ফরিদগঞ্জে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তামিম শেখ (১৫) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার মা কোহিনুর বেগম ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৮, তারিখ: ৩ জুলাই ২০২৬) করেছেন।

নিখোঁজ তামিম উপজেলার ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের শেখ বাড়ির আবুল কালামের ছেলে। তিনি সাহাপুর মোহাম্মদ চৌধুরী গাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি ফরিদগঞ্জ বাজারের একটি ডিজিটাল প্রেসে কাজ করতেন।

পরিবারের অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তামিম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা কর্মস্থল, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

তামিমের মা কোহিনুর বেগম জানান, কর্মস্থলে খোঁজ নিয়ে জানতে পারেন, তামিম তার ব্যবহৃত সাইকেল খালাতো ভাইয়ের কাছে রেখে বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার কথা বলেছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

তামিমের মামা ইমরান হোসেন বলেন, ঘটনার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। বিষয়টি থানাকে জানানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে সবাইকে তামিমের সন্ধানে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তামিমের উচ্চতা প্রায় ৪ ফুট, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং স্বাস্থ্য মাঝারি গড়নের। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট ও শার্ট।

তামিমের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।