স্টাফ রিপোর্টার
হাইমচরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ মো. ফারুক গাজী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে হাইমচর থানাধীন পশ্চিম চরকৃষ্ণপুরের জনতা বাজার থেকে কালা চৌকিদারের মোড়গামী পাকা সড়কের আতিক মাস্টারের বন্ধ দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক গাজী পশ্চিম চরকৃষ্ণপুর (গাজী বাড়ি) এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মোঃ বিল্লাল গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই (নিঃ) শ্রী সমীর দাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে ফারুক গাজীকে আটক করে দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা গাঁজাসহ তাকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর-২২, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-২৪৮। মামলার পর যথাযথ পুলিশি নিরাপত্তায় গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, মাদকের বিরুদ্ধে হাইমচর থানা পুলিশের অভিযান নিয়মিত ও চলমান রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি বা মাদক সরবরাহের সঙ্গে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতন মানুষের সহযোগিতাও প্রয়োজন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


