বর্তমান বিশ্বে প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের ফলে মানুষের জীবনযাত্রা, শিক্ষা, গবেষণা, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI (Artificial Intelligence) টুলসের ব্যবহার বেড়েছে। ChatGPT, Google Bard, Microsoft Copilot, Grammarly, Quillbot, Canva, DALL·E ইত্যাদি বিভিন্ন AI টুল আমাদের দৈনন্দিন কাজকে সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলছে। তবে AI টুলের যথাযথ ব্যবহার যেমন উপকার বয়ে আনে, তেমনি ভুল বা অনৈতিক ব্যবহার বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই AI টুলস ব্যবহারে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
AI টুলস ব্যবহারের প্রয়োজনীয়তা
AI টুলসের মাধ্যমে জটিল কাজ সহজে সম্পন্ন করা যায়। যেমন:
দ্রুত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
লেখালেখি ও কনটেন্ট প্রস্তুতকরণ
অনুবাদ ও ভাষাগত সহায়তা
ছবি, ভিডিও, ডিজাইন তৈরি
কোডিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট
গবেষণায় ডেটা অ্যানালাইসিস
এইসব কারণে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত AI টুলের ব্যবহার বাড়ছে।
AI টুলস ব্যবহারে করণীয়
AI টুল ব্যবহার করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।
প্রথমত, AI টুলকে সহযোগী হিসেবে ব্যবহার করতে হবে, বিকল্প নয়। AI আমাদের চিন্তা ও দক্ষতার জায়গায় সহযোগিতা করবে, কিন্তু অন্ধভাবে তার ওপর নির্ভর করা উচিত নয়।
দ্বিতীয়ত, AI-এর মাধ্যমে পাওয়া তথ্য বা কনটেন্ট যাচাই করা জরুরি। কারণ AI কখনো কখনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিতে পারে।
তৃতীয়ত, AI ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। বিশেষ করে একাডেমিক বা পেশাগত কোনো কাজে AI ব্যবহার করা হলে তা অবশ্যই উল্লেখ করতে হবে।
চতুর্থত, AI টুলসের শর্তাবলী পড়া জরুরি। অনেক টুলে ব্যবহারসংক্রান্ত বিধিনিষেধ থাকে, যা না জানা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
সবশেষে, ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য AI টুলে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। এতে ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা সম্ভব।
AI টুলস ব্যবহারে বর্জনীয়:
AI টুলের ভুল বা অনৈতিক ব্যবহারে ব্যক্তি ও সমাজের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন:
AI-এর তৈরি কনটেন্ট নিজস্ব বলে দাবি করা চৌর্যবৃত্তির (Plagiarism) শামিল, যা একাডেমিক ও পেশাগত জীবনে শাস্তিযোগ্য অপরাধ।
AI দিয়ে ভুয়া সংবাদ, বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য তৈরি করা উচিত নয়। এতে সমাজে অস্থিরতা তৈরি হয়।
পরীক্ষায় অসদুপায়, জাল ডকুমেন্ট বা প্রতারণামূলক কাজে AI ব্যবহার করা নৈতিকতা ও আইন পরিপন্থী।
AI-এর তৈরি ভুল বা অসম্পূর্ণ তথ্য যাচাই ছাড়া অন্যের সঙ্গে শেয়ার করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।
কোনো অবস্থাতেই AI টুলকে শিক্ষা বা চিন্তার বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়।সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে।
মনে রাখি AI টুলস আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এর যথাযথ ও নৈতিক ব্যবহার আমাদের কাজকে সহজ, সময়-সাশ্রয়ী ও দক্ষ করে তুলতে পারে। অন্যদিকে ভুল বা অপব্যবহার আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবনে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তাই AI টুলস ব্যবহারে সচেতনতা, সতর্কতা ও নৈতিকতা অত্যন্ত প্রয়োজন।
লেখক: মো. মোবারক করিম খান
প্রভাষক (আইসিটি), ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর ।


