চাঁদপুরে বাস চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ রির্পোটার:

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বেপরোয়া গতির বাসের চাপায় তোফায়েলেন্নেছা মায়া নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের বন বিভাগ সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তোফায়েলেন্নেছা মায়া ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তোফায়েলেন্নেছা মায়া বন বিভাগ সড়ক এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী দ্রুতগতির ‘বোগদাদ পরিবহন’ এর একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনতা ঘাতক বাসটি আটকে রাখে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চালকদের বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়শই এমন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।