স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটনের স্বাক্ষরিত পত্রে ফখরুল ইসলাম বিলাসকে আহ্বায়ক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। তিনি বর্তমানে শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোশারফ হোসেন, আবদুল হক, মো. হেমায়েতুল ইসলাম সুমন, হাবিবুর রহমান, ইকবাল হোসেন কাজল, মনির হোসেন, তাফাজ্জল হোসেন লিটন, মো. আবুল হাসেম, মোহাম্মদ হোসেন রানা, খায়রুল বাসার আজাদ, শহিদ উল্যাহ, আবুল খায়ের ও সফিকুল ইসলাম। এছাড়া এক নম্বর সদস্য করা হয়েছে মো. মোজাহার হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন মো. রুহুল আমিন মানিক, নুরুল ইসলাম, মাহফুজুল আলম টুটুল, মো. মাহবুব আলম, মোস্তফা কামাল, কামরুল, আবুল বাসার, আবদুল মালেক, ডা. আহমদ উল্যাহ পাটোয়ারী, সোলাইমান মাস্টারসহ মোট ৭১ জন।
দলীয় সূত্র আরও জানায়, ১৯৭৮ সালের ৭ সেপ্টেম্বর শাহরাস্তি উপজেলার পরাণপুর গ্রামে জন্মগ্রহণকারী ফখরুল ইসলাম বিলাস দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদল থেকে রাজনৈতিক জীবন শুরু করে তিনি সৌদি আরব প্রবাসী বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সৌদি আরব প্রবাসী বিএনপি চাঁদপুর জেলার সভাপতি এবং শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।


