স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে অটোরিকশার চাপায় হাফসা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশার চালক গাড়ি রেখে পালিয়ে যান।
নিহত হাফসা চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের পদ্মারপাড় এলাকার ব্যবসায়ী মো. হামিদের বড় মেয়ে। সে চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হাফসা তার বাবার দোকানে একটি চেয়ারে বসে ছিল। এ সময় একটি অটোরিকশার চালক ইঞ্জিন চালু রেখে গাড়ি থেকে নেমে যান। পরে গাড়িতে থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলার ছলে নিয়ন্ত্রণে হাত দিলে অটোরিকশাটি সামনে এগিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে হাফসা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, চালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ইঞ্জিন চালু রেখে গাড়ি ফেলে যাওয়াকে তারা চরম গাফিলতি হিসেবে উল্লেখ করেন।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এলাকাবাসী তাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ জানায়, প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় হাফসার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।


